আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মুজিদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কাফরুল এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান জানান, রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আবদুল মুজিদকে ঢাকার কাফরুল এলাকার একটি বাড়ি থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ আগস্ট রাত সোয়া ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার হরিষপুর গ্রামে উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে লাশ পাশের একটি পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩০ আগস্ট রাতে রবিউলের ভাই আনারুল ইসলাম শিবপুর ইউপির চেয়ারম্যানসহ ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।