শিববাড়িতে দুই দফা বিস্ফোরণে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শিববাড়িতে গত শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ। ফাইল ছবি
সিলেটের শিববাড়িতে গত শনিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ। ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ির আতিয়া মহলে সেনা অভিযান চলাকালে গত শনিবার দুই দফা বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজলের ভাষ্য, উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।
ওই বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। আহত হন আরও ৪৪ জন।
জঙ্গিদের পেতে রাখা বোমার বিস্ফোরণে হতাহত হওয়ার ওই ঘটনা ঘটে বলে পুলিশের কয়েকজন কর্মকর্তার ধারণা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে পুলিশ স্পষ্ট কোনো ভাষ্য দেয়নি।
বোমা বিস্ফোরণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বিবিসি বাংলাকে বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে যখন শিববাড়ির ওই সন্দেহভাজন জঙ্গি আস্তানাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে ফেলে, তখনই বোধ হয় কোনো এক সময় এখানে আশপাশে তারা বোমাটি পেতে রেখে গিয়েছিল বা আগেই রেখে গিয়েছিল। পুলিশ যখন দেখেছে, তখনই এটা বিস্ফোরিত হয়েছে ধাক্কাধোক্কা খেয়ে।’
জঙ্গিবিরোধী ওই অভিযানের মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই গোষ্ঠীর কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এই খবর দিয়েছে বলে জানিয়েছে অনলাইনে জঙ্গিদের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
আতিয়া মহলে আজও অভিযান চলছে। অভিযানের তৃতীয় দিন গতকাল রোববার ভেতরে থাকা জঙ্গিদের মধ্যে দুজন নিহত হয়েছে। সেনাবাহিনী বলেছে, ওই জঙ্গি আস্তানায় আরও এক বা একাধিক জঙ্গি থাকতে পারে।
আতিয়া মহল গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয়েছে। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে।