শিববাড়িয়া নদী রক্ষায় নোটিশ উচ্চ আদালতের
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিববাড়িয়া নদীর দখলদারদের তালিকা তৈরি করতে জেলা প্রশাসক এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া কেন দখলদারদের উচ্ছেদ করে নদী রক্ষা করা হবে না, তা জানতে চেয়ে তাঁদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১৮ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ এই নোটিশ দেন।
বেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলাপাড়া উপজেলার শিববাড়িয়া এবং লতাচাপলী মৌজার ওপর দিয়ে প্রবাহিত শিববাড়িয়া নদীর দুই তীর প্রতিনিয়তই দখল হয়ে যাচ্ছে। এই দখলদারদের সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ কারণে দখলদারদের কবল থেকে নদী রক্ষা, দখলদারদের তালিকা প্রস্তুত করে তাঁদের উচ্ছেদ এবং নদীর সীমানা চিহ্নিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ শিববাড়িয়া নদী রক্ষায় শুনানি করে এই নির্দেশ দিয়েছেন।
বেলার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী ইকবাল কবীর বলেন, জনস্বার্থে এই রিট আবেদন করা হয়েছে।