শিববাড়িয়া নদীতীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন মহিপুর ম ৎ স্যবন্দরের শিববাড়িয়া নদীর তীর থেকে গত রোববার আটজন অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও পুলিশ এই অভিযানে অংশ নেয়।এখনো ওই নদীর তীরভূমিতে বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল আউয়াল বলেন, রোববার আটজন দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে।পটুয়াখালীর কলাপাড়া ভূমি কার্যালয় সূত্র জানায়, শিববাড়িয়া মৌজার জেএল নম্বর ২৬ ও ৩১৮৮/৮৬ দাগের আধা শতাংশ করে জমি ৩২ জনকে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এই জমি নদীর তীর থেকে অন্তত ৩০ ফুট ভেতরে। এসব জমি তাঁদের বুঝিয়ে দেওয়ার আগেই স্থানীয় একটি প্রভাবশালী মহল শিববাড়িয়া নদীর তীর ঘেঁষে ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ এবং তীরভূমি দখলের প্রক্রিয়া শুরু করে। রোববার বিকেল তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেনের নেতৃত্বে র্যাব ও পুলিশের সদস্যরা অবৈধ দখলদারদের মধ্যে রাজা মিয়া, আবদুল জব্বার হাওলাদার, সুভাষ চন্দ্র দাস, সোহাগ মৃধা, সায়েদ হাওলাদার, আবুল কালাম, মজিবর খান ও আবুল কাসেমের স্থাপনা উচ্ছেদ করেন।এদিকে এখনো নদীর তীরভূমিতে বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে বলে উচ্ছেদ হওয়া আবদুল জব্বার অভিযোগ করেন। তিনি বলেন, তাঁদের স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হলেও আরও অনেক অবৈধ দখলদার রয়েছে, তাদের উচ্ছেদ করা হয়নি।গত ৫ মে ‘শিববাড়িয়া তীরে অবৈধ স্থাপনা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।