পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন মহীপুর মৎস্যবন্দরের শিববাড়িয়া নদীর তীর দখল করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্মাণ করছে পাকা স্থাপনা। স্থানীয় ভূমি কার্যালয় এক বছরের বন্দোবস্ত নিয়ে তা বুঝিয়ে দেওয়ার আগেই নদীতীর দখল করে চলছে স্থাপনা নির্মাণের কাজ। এতে বঙ্গোপসাগর-সংলগ্ন এই নদী হারাবে নাব্যতা। জেলেদের হারাতে হবে দুর্যোগকালীন আশ্রয়স্থল। হুমকির মুখে পড়তে পারে মৎস্যবন্দরের অস্তিত্ব।স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের ইলিশের সবচেয়ে বড় বাজার মহীপুর-আলীপুর মৎস্যবন্দরের মাঝখান দিয়ে বয়ে গেছে শিববাড়িয়া নদী। নদীর পূর্বদিকে রামনাবাদ নদীর মোহনা আর পশ্চিম দিকে আন্ধারমানিক মোহনা। বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হওয়ায় গভীর সাগর থেকে ইলিশ শিকার করে জেলেরা মহীপুর এসে বিক্রি করেন এবং এখান থেকে সাগরে ছুটতেন ইলিশ শিকারে। এ ছাড়া দুর্যোগের সময় জেলেরা মাছ শিকারের ট্রলার নিয়ে এখানে আশ্রয় নিতেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, মহীপুর মৎস্যবন্দরের মাছ ওঠানো-নামানোর জেটিসংলগ্ন নদীতীর দখল-প্রক্রিয়া চলছে। ভাটার সময় পানি নেমে গেলে তীর ঘেঁষে পাকা প্রাচীর তুলে ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ সময় আবদুল জব্বার নামের এক ব্যক্তি বলেন, স্থানীয় ভূমি অফিস থেকে আধা শতাংশ জমি তিনি এক বছরের জন্য বন্দোবস্ত পেয়েছেন। তাঁর জমি তীরঘেঁষা। জোয়ারে ডুবে যায়, আবার ভাটায় ভাসে। এ অবস্থায় নদীর তীর থেকে অন্তত সাত ফুট উঁচু করে মাটি ভরাট করে ভিটি বানিয়ে তাঁকে ব্যবসা করতে হবে। এলাকার কামাল হোসেন ও ফারুক সিকদারও আধা শতাংশ করে জমি বন্দোবস্ত পেয়েছেন। তাঁরাও একইভাবে পাকা স্থাপনা করছেন। তবে ভূমি অফিস থেকে এখনো জমি বুঝিয়ে দেওয়া হয়নি বলে তাঁরা স্বীকার করেন।তীর ঘেঁষে পাকা স্থাপনা নির্মাণ করায় নদী ক্রমেই ছোট হয়ে নাব্যতা হারাবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। শাহানা মৎস্য আড়তের মালিক ইলিয়াস রেজা জানান, এই বন্দরে নদীর তীর ঘেঁষে অন্তত ২৫টি জেটি রয়েছে, যেখান থেকে প্রতিদিন ইলিশ মাছ ও বরফ ওঠানো-নামানো হয়। কিন্তু তীর দখল হয়ে গেলে তা আর সম্ভব হবে না। ট্রলারগুলোও মাছ নিয়ে ভিড়তে পারবে না। এ অবস্থায় মৎস্যবন্দরের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। হাওলাদার এন্টারপ্রাইজের জলিল হাওলাদার জানান, নদীনালা, জলমহাল উন্মুক্ত রাখার জন্য নির্দেশনা থাকলেও এখানে নদীতীর ভরাট করে দখল চলছে। জেলেরা ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে এই নদী দিয়ে বন্দরে আসতে পারবেন না। তখন বাধ্য হয়ে জেলেরা মহীপুর মৎস্যবন্দর থেকে তাঁদের ব্যবসা গুটিয়ে চলে যাবেন। স্থানীয় জেলে সোহরাব হোসেন জানান, বিরূপ আবহাওয়ার সময় সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা ট্রলার মহীপুরের শিববাড়িয়া নদীর চ্যানেলে এসে অবস্থান নেন। কিন্তু তীর দখল ও ভরাট-বাণিজ্যের ফলে নদীর নাব্যতা কমে যাবে। জেলেরা হারাবেন দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়স্থল।কলাপাড়া ভূমি অফিস থেকে জানা গেছে, শিববাড়িয়া মৌজার ৩১৮৮/৮৬ দাগের আধা শতাংশ করে ৩২ জনকে এক বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছে। তাঁদের জমি নদীর তীর থেকে অন্তত ৩০ ফুট ভেতরে। তবে এখনো তাঁদের জমি বুঝিয়ে দেওয়া হয়নি। সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আউয়াল বলেন, অস্থায়ী বন্দোবস্ত দেওয়া জমিতে পাকা স্থাপনা করা যায় না। এ ছাড়া শিববাড়িয়ার দুই পাড়ে মৎস্যবন্দর করার পরিকল্পনা রয়েছে। বন বিভাগ শিববাড়িয়ার ওই পয়েন্টের কাছাকাছি ‘ফার্স্ট ল্যান্ডিং পয়েন্ট’ করার চিন্তা-ভাবনা করছে। পানি উন্নয়ন বোর্ড নদী খননের পরিকল্পনা নিয়েছে বলে তিনি শুনেছেন। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।