হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান উপলক্ষে গতকাল বুধবার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে মানুষের ঢল নেমেছিল। যথাযথ ধর্মীয় উপাচার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুণ্যার্থীরা এ ধর্মীয় উৎসবে অংশ নেন। শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতি ও পূজা উদ্যাপন কমিটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
প্রতিবারের মতো এবারও উৎসব ঘিরে উপজেলার আরিচায় যমুনার তীরে তিন দিনব্যাপী মেলা বসেছে। গতকাল থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। ঐতিহ্যবাহী এ মেলায় শিশুদের জন্য রয়েছে সার্কাস, পুতুলনাচ, নাগরদোলা ও বায়োস্কোপসহ নানা আয়োজন। এ ছাড়া খেলনা, প্রসাধনসামগ্রী, কাঠ, বাঁশ-বেত, মাটি ও লোহার নানা ক্ষুদ্র শিল্পের পসরা বসেছে। আছে মিষ্টি, বিন্নি, খই ও বাতাসার পসরাও।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এটি মূলত হিন্দুধর্মাবলম্বীদের উৎসব হলেও মেলা যেন সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন।