শিবালয়ে অজ্ঞাত রোগে চারজনের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের মুক্তানগর গ্রামে ১৫ দিনের ব্যবধানে অজ্ঞাত রোগে একই পরিবারের তিনজন ও তাঁদের প্রতিবেশী অপর একজন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন আক্কাছ আলী (৩৫), তাঁর স্ত্রী সাজেদা বেগম (২৫), শাশুড়ি শরতজান বেগম (৬০) ও তাঁদের প্রতিবেশী বাদল হোসেন (৩০)। জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে আক্কাস আলী জ্বরে আক্রান্ত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ তিনি মারা যান। মেয়ের বাড়িতে বেড়াতে এসে আক্কাসের শাশুড়ি শরতজান জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে মারা যান। পাশের বাড়ির বাদল জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর জ্বরে আক্রান্ত হয়ে সাজেদা বেগম গতকাল শুক্রবার ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মারা যান।মানিকগঞ্জের সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদারের নেতৃত্বে কয়েকজন চিকিৎসকের একটি দল গতকাল রাতে মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন।সিদ্ধেশ্বর মজুমদার প্রথম আলোকে জানান, আগামীকাল (আজ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিষয়টি তদন্ত করে দেখবেন। এরপর হয়তো বলা যাবে, কী রোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।