শিবালয়ে ইছামতী দখল করে মার্কেট নির্মাণ
মানিকগঞ্জের শিবালয়ে চারটি স্থানে ইছামতী নদী দখল করে দোকান ও মার্কেট নির্মাণ করছেন চার ব্যক্তি। নির্মাণকাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ১১ জুন তাঁদের নোটিশ দিয়েছে৷ কিন্তু ওই নোটিশ উপেক্ষা করে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন৷
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী জানান, ১০ বছর আগেও ইছামতী নদী দিয়ে লঞ্চ ও ইঞ্জিনচালিত বড় বড় নৌকা চলাচল করত। কিন্তু ধীরে ধীরে দখল-দূষণ ও উজান থেকে স্রোতের সঙ্গে আসা পলি জমে নদীটি সংকুচিত হয়ে গেছে৷ এখন বর্ষাকালে মালবাহী মাঝারি নৌযান চলাচল করলেও শুকনো মৌসুমে বন্ধ থাকে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার উলাইল ইউনিয়নে নদীর পূর্ব তীর ঘেঁষে নালী-নয়াকান্দি সড়ক। এর পাশেই রূপসা বাজার৷ ওই বাজারের উত্তর পাশে সেতুসংলগ্ন এলাকায় নদী দখল করে একটি দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় মজনু মিয়া। এর প্রায় ৫০ গজ দূরে বাজারের পশ্চিম পাশে নদীর পূর্বপাড় দখল করেন স্থানীয় বুলবুল আহমেদ এবং এর উত্তর পাশে স্থানীয় আরেক বাসিন্দা আবু তালেব মার্কেট নির্মাণ করছেন। বুলবুলের মার্কেটের ৫০ গজ উত্তরে নদীর পূর্বপাড় দখল করে শফিকুল ইসলাম পাকা দোকানঘর নির্মাণ করছেন৷
বুলবুল আহমেদ দাবি করেন, ছয়-সাত বছর আগে স্থানীয় ফেলু খাঁর কাছ থেকে তাঁরা সাড়ে তিন শতক জমি কেনেন। কিন্তু ভাঙনে তাঁদের জমির বেশ কিছু অংশ নদীতে চলে গেছে। নদীর জায়গা নয়, কেনা জমিতেই তাঁরা মার্কেট নির্মাণ করছেন৷
আবু তালেব দাবি করেন, প্রায় ২০ বছর আগে স্থানীয় কয়রা গ্রামের নায়েব আলীর কাছে থেকে আট শতক জমি কেনেন তিনি। সেই জমির কিছু অংশের ওপর তিনি মার্কেট নির্মাণ করছেন।
শফিকুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে জেলা প্রশাসনের কাছে থেকে উলাইল গ্রামের নিতাই শীল রূপসা বাজারের পাশে আধা শতক জমি ইজারা নেন৷ দুই বছর আগে নিতাই তাঁর কাছে ওই জমি হস্তান্তর করেন। সেই জমির ওপর তিনি দোকানঘর নির্মাণ করছেন৷
চেষ্টা করেও মজনু মিয়া সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উলাইল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহীপ শঙ্কর ভট্টাচার্য্য বলেন, যেসব স্থানে মার্কেট ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে, তা সরকারি খাস রাস্তা ও ইছামতী নদীশিকস্তি জমি।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফারজানা সিদ্দিকী বলেন, নদী দখল করে কোনো স্থাপনা বা মার্কেট নির্মাণ করা যাবে না৷ অবৈধ এসব স্থাপনা ভেঙে ফেলার জন্য দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা না ভাঙলে শিগগিরই অভিযান চালিয়ে প্রশাসন তা ভেঙে ফেলবে৷ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।