শিবালয়ে এবার ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এবার উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দীনেশ চন্দ্র চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতেরা নয়াবাড়ী রানীনগর গ্রামের বাড়ি থেকে প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে।
এর আগে বুধবার রাতে র্যাব পরিচয়ে একই উপজেলার টেপড়া শিবরামপুর গ্রামে সার্ভেয়ার আফজাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ১০-১৫ জন ডাকাত নয়াবাড়ী রানীনগর গ্রামে দীনেশ চৌধুরীর বাড়িতে হানা দেয়। তারা বাড়ির দুটি টিনের ঘরের দরজা লোহার শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢুকে। এরপর ধারালো দা, চাপাতি ও শাবল দিয়ে বাড়ির সবাইকে জিমিঞ্চ করে ফেলে। ডাকাতেরা আলমারি ও ট্রাংক ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
দীনেশের ছেলে স্থানীয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার চৌধুরী বলেন, বাড়িতে ঘর নির্মাণের জন্য তাঁর বাবা ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রেখেছিলেন। ডাকাতেরা ওই টাকাসহ পাঁচটি মুঠোফোনও লুট করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনার আধা ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে টহল পুলিশ যায়। ততক্ষণে ডাকাতেরা মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় দীনেশ চৌধুরী থানায় ডাকাতির মামলা করেছেন।