শিবালয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সাতপাড়া গ্রাম থেকে আম্বিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে ওই গৃহবধূর বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, মালয়েশিয়াপ্রবাসী সাতপাড়া গ্রামের তাঁরা মোল্লার স্ত্রী আম্বিয়া তাঁর চার বছরের এক শিশুসন্তান নিয়ে বাড়িতে একাই থাকতেন। গতকাল সকালে পাশের দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রাম থেকে তাঁর ভাশুর লাল মিয়া ওই বাড়িতে গিয়ে একটি ঘরে আম্বিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।লাল মিয়া বলেন, শুক্রবার আম্বিয়া দৌলতপুরের পারুরিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি সাতপাড়া গ্রামে যান। তিনি আরও জানান, কয়েক দিন আগে তিনি শুনেছিলেন, সাতপাড়া গ্রামের সমাজের চাঁদা তোলাকে কেন্দ্র করে সেখানকার গ্রাম্য মাতব্বরদের সঙ্গে আম্বিয়ার ঝগড়া হয়। এরপর তিনি ওই গ্রাম ছেড়ে শ্বশুরবাড়িতে এসে থাকার সিদ্ধান্ত নেন।সে অনুযায়ীই গতকাল সকাল ১০টার দিকে ঘর ভেঙে আনতে সাতপাড়া গ্রামে গিয়েছিলেন তাঁরা। গতকাল ভোর পাঁচটার দিকেও আম্বিয়ার সঙ্গে ঘর ভাঙা নিয়ে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয় বলে জানান লাল মিয়া। আম্বিয়ার শিশু মেয়েকেও পাশের একটি বাড়িতে পাওয়া যায়।তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এলাকার বাইরে থাকায় আর কিছু বলতে পারবেন না বলে বিষয়টি এড়িয়ে যান চেয়ারম্যান।শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। লিখিত অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।