শিবালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংষর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিবালয় পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজা মিয়া এবং সাধারণ সম্পাদক মোমিনুল হক গতকাল স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা আহ্বান করেন। দুপুর একটার দিকে সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগোতে থাকলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মিজান, আবুল বাশার, শিহাব, শিমুলসহ পাঁচজন ছাত্রলীগের নেতা-কর্মী আহত হন।জানা গেছে, সংঘর্ষ থেমে গেলে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর পুলিশ প্রহরায় শিবালয়ে বর্ধিত সভা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজা মিয়া জানান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে কয়েক বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়। এ কারণেই গতকাল তিনি কয়েকজন অনুসারীকে নিয়ে বর্ধিত সভা পণ্ড করতে শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা চালান।তবে মিজানুর রহমান দাবি করেন, ‘কয়েক মাস আগে উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে আমাকে আহ্বায়ক করা হয়। এর পরও সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ধিত সভা আহ্বান করলে আমি বাধা দিই।’শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।