শিবালয়ে ছেলেধরা সন্দেহে নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ আড়া গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে ‘ছেলেধরা’ সন্দেহে এক নারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুর একটার দিকে দক্ষিণ আড়া গ্রামের আনন্দ স্কুলে ছুটির পর বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। এক নারী ওই শিশুর হাত ধরে টানাটানি করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই নারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘ওই নারীর পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আচার-আচরণে মনে হচ্ছে, ওই নারী মানসিক রোগী।’