শিবালয়ে জব্দ করা ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করে পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন। পরে সেগুলো স্থানীয় এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।শিবালয় উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে একদল জেলে যমুনা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরেন। ভোর পাঁচটার দিকে তাঁরা আরিচাঘাটে সেগুলো বিক্রির জন্য নিয়ে আসেন। খবর পেয়ে শিবালয় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা পুলিশের সহায়তায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা ইলিশ মাছ রেখে পালিয়ে যান। পরে প্রায় ৮০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।শিবালয় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, অধিকাংশ মা-ইলিশ অক্টোবর মাসে ডিম ছাড়তে নদীতে আসে। সরকার এ মাসের ৬ থেকে ১৬ তারিখ পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ করেছে। অনেক জেলে এ নির্দেশ অমান্য করে ইলিশ শিকার করেন। তিনি জানান, জব্দ করা ইলিশগুলো শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দুস্থ ও এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়কোবাদ খন্দকার প্রথম আলোকে বলেন, ইলিশগুলো উপজেলা পরিষদে এনে চারিপাড়া এতিমখানা ও কয়েক শ দুস্থ লোকের মধ্যে বিতরণ করা হয়।