শিবালয়ে পরীক্ষা দিতে পারেনি তিন পরীক্ষার্থী
পরীক্ষার ফি জমা দিয়েও অনলাইনে ফরম পূরণ না করায় প্রবেশপত্র আসেনি। ফলে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের তিন পরীক্ষার্থী চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। কলেজ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর থেকেই ফরম পূরণের জন্য অনলাইন পদ্ধতি চালু হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাণিজ্য বিভাগ থেকে ঝর্ণা আক্তার ও সোনিয়া আক্তার এবং মানবিক বিভাগ থেকে নাইমা আক্তার ফরম পূরণের টাকা জমা দেয়। ঝর্ণা ও সোনিয়া নিয়মিত আর নাইমা অনিয়মিত পরীক্ষার্থী। ফরম পূরণের পর রসিদ নিয়ে তারা চলে যায়। এরপর তারা আর যোগাযোগ করেনি। টাকা জমা দেওয়া হলেও অনলাইনে ফরম পূরণ না করায় তাদের প্রবেশপত্র আসেনি। ভুক্তভোগী পরীক্ষার্থী জানায়, ‘পরীক্ষায় অংশগ্রহণের ফরম পূরণের জন্য টাকা জমা দিয়েছি। কিন্তু পরীক্ষা দিতে পারিনি। শিক্ষাজীবন থেকে আমাদের একটি বছর ঝরে গেল। অনলাইনে ফরম পূরণ করতে হবে, এটা আমাদের জানা ছিল না।’ অনলাইনে ফরম পূরণের দায়িত্বে ছিলেন কলেজের শিক্ষক আবদুল মতিন। তিনি জানান, টাকা জমার রসিদ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে গিয়ে পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হয়। কিন্তু ওই তিন পরীক্ষার্থী যোগাযোগ না করে রসিদ নিয়ে চলে যায়। এরপর আর যোগাযোগ করেনি। তবে কলেজের কোষাধ্যক্ষের এ বিষয়ে গাফিলতি রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, অনলাইনে ফরম পূরণের বিষয়টি পরীক্ষার্থীদের একাধিকবার জানানো হয়েছে। কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ‘পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা জমা নিয়ে রসিদ দেওয়ার পর তাদের অনলাইনে ফরম পূরণের জন্য সংস্লিষ্ট শিক্ষকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু ওই তিন পরীক্ষার্থী বিষয়টি হয়তো বুঝতে পারেনি।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল কুমার সরকার বলেন, অনলাইনে ফরম পূরণ না করায় ওই তিন পরীক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। বিষয়টি জানার পর উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হলেও তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায়নি।