শিবালয়ে পুলিশের ভুয়া এএসপি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে গতকাল শুক্রবার বিকেলে ভুয়া এএসপি পরিচয়দানকারী এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এ সময় তাঁকে বহনকারী প্রাইভেট কার ও এর চালককেও আটক করা হয়। এ ছাড়া পুলিশের তিন সেট নকল পোশাকও উদ্ধার করে পুলিশ।আটক ব্যক্তির নাম রুহুল আমীন (৩২)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত ইনছার উদ্দিনের ছেলে। শিবালয় থানার পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে একটি ভাড়ায়চালিত প্রাইভেট কার নিয়ে রুহুল আমীন কেরামত আলী ফেরিতে নদী পার হন। এ সময় তিনি ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের এএসপির পোশাক পরিহিত ছিলেন। ইতিমধ্যেই গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ভুয়া পুলিশের এক কর্মকর্তা নদী পার হচ্ছেন। পরে শিবালয় থানার পুলিশ পাটুরিয়া ফেরিঘাট এলাকা অবস্থান নেয়। বিকেল পাঁচটার দিকে রুহুল আমীনকে বহনকারী প্রাইভেট কারটি থামালে তিনি নিজেকে পুলিশের এএসপির পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তাঁর আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ।এ সময় গাড়ির ভেতর থেকে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি), খুলনা মেট্রোপলিটনসহ (কেএমপি) তিন সেট পোশাক ও ডিআইজির ক্যাপ উদ্ধার করে।