শিবালয়ে ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা গ্রামের ফসলি জমি থেকে জোর করে মাটি কাটার প্রতিবাদে গতকাল মঙ্গলবার গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাটি কাটা বন্ধের দাবিতে এর আগে তারা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করে, কিন্তু মাটি কাটা বন্ধ হয়নি।ভুক্তভোগী এলাকাবাসীর ভাষ্যমতে, শিবালয়ের মহাদেবপুর ইউনিয়নের ভাকলা গ্রামের প্রায় ৪০ বিঘা জমির মালিক ২০ জন কৃষক। তিন ফসলি ওই জমিতে কৃষকেরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ১০ দিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রাজ্জাক ওই সব জমি থেকে ভেকু (মাটি খননযন্ত্র) দিয়ে মাটি কেটে জমির চারপাশে অবৈধভাবে বাঁধ দিচ্ছেন। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন কাজী আবদুর রাজ্জাক নামের স্থানীয় এক প্রভাবশালী। জমির মালিকেরা এর বিরোধিতা করলে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে।আবদুস সাত্তার নামের এক জমির মালিক অভিযোগ করেন, তাঁর নিজের ও ছোট ভাইয়ের আট বিঘা জমি রয়েছে। ওই জমি আবাদ করে তাঁদের সংসার চলে। সম্প্রতি সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক জোর করে ওই জমিতে মাটি কেটে বাঁধ নির্মাণ করছেন। কৃষক রহমত উল্লাহ বলেন, ওই ৪০ বিঘার মধ্যে তাঁর এক বিঘা জমি আছে। শেষ সম্বল ওই জমিটুকু দখল করে জলাশয় নির্মাণ করার প্রতিবাদ জানালে আবদুর রাজ্জাক তাঁকে হুমকি দেন।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবদুর রাজ্জাক। তিনি বলেন, ৪০ বিঘা ওই জমির মধ্যে আয়নাল, তাহের ও আচান গাজী নামের তিন কৃষকের ১১ বিঘা জমি রয়েছে। মাছ চাষের জন্য তাঁদের কাছ থেকে প্রতিবছর ১০ হাজার টাকার বিনিময়ে সাত বছরের জন্য ইজারা নিয়েছেন। বাকি জমির মালিকেরা ইজারা দিতে সম্মতি দিয়েছেন।যোগাযোগ করলে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃষিজমি অবৈধভাবে দখল ও জোর করে বাঁধ নির্মাণ করে জলাশয় খননের বিষয়টি জেনেছেন। ফসলি জমি থেকে মাটি কাটা যাবে না। বিষয়টি খোঁজখবর নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ওই জমিগুলো থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও বন্ধ করা না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।