শিবালয়ে ফসলি জমির মাটি কেটে ঘের নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে চারপাশে বাঁধ দিয়ে বিশাল মাছের ঘের করা হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন আশপাশের জমির কৃষকেরা। বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী।এলাকাবাসীর অনেকে জানান, উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভাকলা ও জুনিকালশা গ্রামের মধ্যবর্তী মানিকনগর মৌজায় প্রায় ৪০ বিঘা ফসলি জমি রয়েছে। সম্প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রাজ্জাক, আয়নাল মিয়া, তাহের মোল্লা ও ইয়াসিন হোসেন কয়েকজন কৃষককে অর্থের লোভ ও ভয়ভীতি দেখিয়ে এসব জমি থেকে মাটি কাটা শুরু করেন। এরপর ওই মাটি দিয়ে চারপাশে উঁচু বাঁধ করা হচ্ছে। কিছু মাটি ট্রাকে করে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। ট্রাক চলাচলের জন্য তাঁরা জোর করে ব্যবহার করছেন অন্যের ফসলি জমি।গতকাল সরেজমিনে দেখা গেছে, ভূমি দখল করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ভাকলা ও জুনিকালশা গ্রামের নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন করছে।গ্রাম ঘুরে দেখা যায়, চারদিকে অনেকটা বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধের পাশে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) রাখা। তবে মাটি কাটা হচ্ছিল না। সাংবাদিকেরা চলে আসার পর আবার মাটি কাটা শুরু হয় বলে জানান কৃষকেরা।কৃষক মোকসেদ আলী, রহম আলী, মোহাম্মদ রাসেল ও আবু তালেব বলেন, চাষাবাদ করেই তাঁদের সংসার চলে। বাঁধ নির্মিত হলে তাঁদের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে ফসলের আবাদ বিনষ্ট হবে। তখন বাধ্য হয়ে প্রভাবশালীদের কাছে জমি বিক্রি করে দিতে হবে। বাঁধ নির্মাণের প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘গত বছর মাছ চাষের জন্য ঘের নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। প্রশাসন থেকে বাধা দেওয়ায় বন্ধ করে দিয়েছি। এবার জমির মালিক আয়নাল ও তাহের তাঁদের নিজেদের জমিতে পুকুর কাটছেন। আমি এর সঙ্গে জড়িত নই।’আয়নাল ও তাহের বলেন, নিজেদের জমিতে পুকুর কাটা হচ্ছে। এতে অন্যের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে তাঁদের কিছু করার নেই।কৃষিজমিতে মাটি কাটার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে তাঁরা স্বীকার করেন।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিব খান বলেন, ‘মাটি কাটা বন্ধের দাবি ও বাঁধ নির্মাণের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী একটি পত্র দিয়েছে। ফসলি জমিতে বড় আকারে বাঁধ নির্মাণ বা পুকুর খননের জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’