শিবালয়ে বাসচালককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাত্রীবাহী বাসের একজন চালককে এক পুলিশ সদস্যের মারধরের প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের টিকিট কাউন্টারের সামনে নৌফাঁড়ি পুলিশ সদস্যদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি পরিবহন কোম্পানির বাসের ধাক্কা লাগে। এতে উত্তেজিত হয়ে একজন পুলিশ সদস্য ওই বাসটির চালক সাইফুলকে মারধর করেন। এর প্রতিবাদে দুপুর ১২টার দিকে পরিবহনশ্রমিকেরা এলোপাতাড়ি বাস রেখে ওই মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও শ্রমিকনেতাদের হস্তক্ষেপে দুপুর একটায় অবরোধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, অবরোধের কারণে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়। ঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, পুলিশের অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।