শিবালয়ে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উদ্যাপন
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে গতকাল বুধবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল আটটায় তেওতায় কবিপত্নী প্রমীলা দেবীর বসতভিটায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। এরপর নজরুল-প্রমীলা গবেষণা পরিষদ, আন্তর্জাতিক নজরুল চর্চাকেন্দ্র, নজরুল-প্রমীলা পরিষদ, নজরুল-প্রমীলা ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শোভাযাত্রা বের করা হয়। সকাল ১০টার দিকে তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ ছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রফিকউল্লাহ খান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন প্রমুখ।