শিবালয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বড় দুই ভাই পিটিয়ে ছোট ভাইকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল মঙ্গলবার উপজেলার দশচিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল বাশার (৪৩)। তিনি দশচিড়া গ্রামের মৃত জলিল খাঁর ছেলে৷
পুলিশ, এলাকাবাসী ও স্বজনেরা জানান, দশচিড়া গ্রামের জলিল খাঁর ছয় ছেলে। দীর্ঘদিন ধরে বসতভিটার জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওই ছেলেদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বেলা দুইটার দিকে আবুল বাশারের সঙ্গে তাঁর বড় ভাই চান খাঁ ও মেজো ভাই জয়নুদ্দিনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চান খাঁ ও জয়নুদ্দিন বাশারকে লাঠি দিয়ে বেদম পিটুনি দেন। এতে তিনি অচেতন হয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিিকৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বাশারের শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন আছে।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, পৈতৃক সূত্রে পাওয়া জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জের ধরে বাশার খুন হয়েছেন। গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।