শিবালয়ে যমুনায় অবৈধ সেই বাঁশের বেড়া উচ্ছেদ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অবৈধ সেই বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহূত বাঁশ ও জাল জব্দ করে।‘শিবালয়ে যমুনায় বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যমুনা নদীতে অবৈধভাবে বাঁশ পুঁতে জাল দিয়ে তৈরি বেড়া উচ্ছেদে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালান মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় যমুনা নদীর ঠাকুরকান্দি ছাড়াও কানাইদিয়াচর, চর শিবালয় ও আলোকদিয়াচর এলাকায় চারটি অবৈধ বাঁশের বেড়া দেখতে পাওয়া যায়। এসব বাঁশের বেড়া কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং প্রায় দুই হাজার ৪০০ ফুট জাল জব্দ করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, অভিযানের বিষয়টি মৎস্য শিকারিরা টের পেয়ে পালিয়ে যায়। তাই নদীতে কাউকে পাওয়া যায়নি।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফারজানা সিদ্দিকী।