শিবালয়ে র্যাব পরিচয়ে ডাকাতি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া শিবরামপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে র্যাব পরিচয়ে সার্ভেয়ার আফজাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা সোনা ও রুপার অলংকারসহ টাকা লুট করেছে।
আফজালের শ্যালক জহির হোসেন জানান, তাঁর ভগ্নিপতি আফজাল ঢাকার তেজগাঁও ভূমি জরিপ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে সার্ভেয়ার পদে চাকরি করেন। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর বোন টেপড়া শিবরামপুর গ্রামের স্বামীর বাড়িতে থাকেন। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ১০-১২ জন লোক নিজেদের র্যাব পরিচয় দিয়ে বাড়ির লোকজনকে ডাকতে থাকে। এ সময় তাঁর বোন দরজা খুলে বাইরে এলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি থেকে ছয় ভরি সোনা ও ১২ ভরি রুপার অলংকার এবং চার হাজার টাকা লুটে নিয়ে যায়।
এ ব্যাপারে শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, ডাকাতি নয়, ডাকাতির চেষ্টা হয়েছে। খবর পেয়ে রাতেই টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।