শিবালয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গত সোমবার এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ এবং ওই ছাত্রীর পরিবার জানায়, সোমবার বেলা দুইটার দিকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী বাড়ির পাশের খেত থেকে মরিচ তুলতে যায়। এ সময় ওত পেতে থাকা উপজেলার মাদ্রাখোলা গ্রামের কুব্বত মণ্ডল (৩৫) তাকে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। বাড়িতে ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপর মেয়ের বাবা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের জানান। ওই দিন রাতে সালিস হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ বিচার না পেয়ে মেয়ের বাবা মঙ্গলবার রাতে কুব্বতকে আসামি করে ধর্ষণের অভিযোগ থানায় মামলা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গতকাল বুধবার মানিকগঞ্জ সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তিনি পলাতক রয়েছেন৷