শিবালয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, শিশুর মৃত্যু, গ্রেপ্তার ১
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা গ্রামে স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় হাবিব নদী নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা সাদেক হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদেক বছর দশেক আগে সোনারগাঁয়ের মাফিয়াকে বিয়ে করেন। এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে। প্রায় তিন বছর আগে দাম্পত্য কলহের জেরে মাফিয়া ছেলেমেয়েদের নিয়ে তাঁর বাবার বাড়ি চলে যান। ঈদ উপলক্ষে ছেলেমেয়েদের নিয়ে মাফিয়া স্বামীর বাড়ি আসেন। গত মঙ্গলবার গভীর রাতে ছেলেমেয়ের ভরণপোষণ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাদেক মাফিয়াকে মারধর করেন। এ সময় মায়ের কোলে থাকা হাবিব নিচে পড়ে যায়। নির্যাতনের হাত থেকে বাঁচতে মাফিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। পরে তাঁর চিৎকার শোনে প্রতিবেশীরা ঘরের মেঝে থেকে হাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখে। এ সময় প্রতিবেশীরা সাদেককে আটক করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মেঝেতে আছাড় খেয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য হাবিবের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাফিয়া বাদী হয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।