শিবালয়ে স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহনন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাচিধারা গ্রামে গত শনিবার দিবাগত রাতে ডালিমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ার পর নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেন বলে তাঁর ভাই অভিযোগ করেছেন।ডালিমার পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৪ বছর আগে কাচিধারা গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে আমজাদ হোসেনের সঙ্গে একই উপজেলার মোনাইল গ্রামের আশরাফ মোল্লার মেয়ে ডালিমার বিয়ে হয়। তাঁদের সংসারে শারমিন আক্তার (১২) ও ইয়াছিন হোসেন (৭) নামের দুই সন্তান রয়েছে। দুই-তিন বছর ধরে কাচিধারা গ্রামের এক নারীর সঙ্গে আমজাদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে আমজাদের সঙ্গে ডালিমার দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ডালিমার ভাই আবদুল হক প্রথম আলোকে বলেন, পরকীয়া সম্পর্কে জড়ানোর পর তাঁর বোন আমজাদকে বাধা দেন। কিন্তু আমজাদ উল্টো তাঁর বোনকে মারধর করতেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফোন করে জানান, ডালিমা কীটনাশক পান করেছেন। খবর পেয়ে রাত চারটার দিকে ডালিমাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আবদুল হক অভিযোগ করেন, আমজাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর বোন আত্মহত্যা করেছেন।স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির মোল্লা জানান, পরকীয়া নিয়ে আমজাদ ও ডালিমার মধ্যে প্রায় ঝগড়া হতো। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) হামিদ উদ্দিন বলেন, সদর হাসপাতালে গৃহবধূ ডালিমার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তাঁর সামনের একটি দাঁত ভাঙা ছিল। এ ছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে আপাতত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।