শিবালয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় কুমার সাহা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাসাইল এলাকায় জাফরগঞ্জ-উথলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পেশায় বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতকারী সঞ্জয় উপজেলার  ধূসর গ্রামের মৃত সন্তোষ সাহার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে   উথলী এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সঞ্জয়। বেলা ১১টার দিকে বাসাইল এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঞ্জয়, অটোরিকশার চালক আবদুল বাতেন ও যাত্রী তোফাজ্জল হোসেন আহত হন। স্থানীয়রা সঞ্জয়কে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।