শিবালয়ে হোটেলের খাবার খেয়ে ৩০ জন অচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে একটি হোটেলের খাবার খেয়ে অন্তত ৩০ ব্যক্তি অচেতন হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ওই হোটেলের দুই কর্মচারীও রয়েছেন। অসুস্থ অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মেশানো হতে পারে। পুলিশ, স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার পর থেকে উপজেলার আরিচাঘাট এলাকায় শাহ আলী নামের একটি হোটেলে খাবার খেতে আসা লোকজনকে ভাত, মাছ ও ডাল পরিবেশন করা হয়। তাঁদের মধ্যে অধিকাংশই গরু ব্যবসায়ী ছিলেন। খাওয়ার কিছুক্ষণ পর একে একে সবাই অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে ২৩ জনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ওই হোটেলের দুজন কর্মচারীও আছেন। শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম মোল্লা প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশই অচেতন ছিলেন। খাদ্যে বিষক্রিয়া দেখা দিলে তাঁদের বমি কিংবা পাতলা পায়খানা হতো। কিন্তু তাঁদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দেয়নি। ওই হোটেলের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মেশানো হতে পারে। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জন রোগী রাতে সুস্থ হয়ে ফিরে গেছেন। বাকি পাঁচজনের অবস্থাও উন্নতির দিকে। এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২০০০ সালের অক্টোবর মাসে শাহ আলী নামের ওই হোটেলে কৌশলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে হালিম মোল্লা ও তাঁর কয়েকজন কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকে ওই হোটেলটির কার্যক্রম বন্ধ থাকে। প্রায় ছয় বছর আগে গোলাম নবী নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে হোটেলের নাম পরিবর্তন করে তা চালু করেন।