শিবালয়ের একটি বিদ্যালয়ে নিয়োগ-দুর্নীতির অভিযোগ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ী উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেছেন বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। ইতিমধ্যে অভিযোগের তদন্তে অনিয়মের সত্যতাও মিলেছে বলে জানা গেছে। মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির এক সভায় সম্প্রতি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক, কম্পিউটার অপারেটর ও নৈশ প্রহরীর শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। এ জন্য পাঁচ সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। কমিটি গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর পরীক্ষা গ্রহণ করে। পরীক্ষায় সব পদে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষার আগের দিন প্রশ্নপত্রও ফাঁস করা হয়। মামলার বাদী বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক তপছের উদ্দিন ও সহকারী শিক্ষক জামাল উদ্দিন অভিযোগ করেন, এ দুর্নীতি ও অনিয়মের প্রতিকার চেয়ে তাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শকের কাছে লিখিত আবেদন করলে কমিটির সভাপতি শাজাহান গাজী তাঁদের বেতন-বিলে সই করেননি। ফলে তাঁরা সেপ্টেম্বর ও নভেম্বর মাসের বেতন ও গত ঈদুল ফিতরের বোনাস পাননি। এদিকে অভিযোগ অস্বীকার করে কমিটির সভাপতি বলেন, ‘নিয়মের মধ্যেই সবকিছু হয়েছে। শিক্ষকেরা অক্টোবর মাসের বেতন তুলেছেন। বিলে সই না করলে তাঁরা বেতন ওঠালেন কীভাবে?’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা জানান, শিক্ষক-কর্মচারী নিয়োগে কোনো অনিয়ম হয়নি। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরাও প্রার্থী ছিলেন। অকৃতকার্য হওয়ায় তাঁরা অভিযোগ করছেন।জেলা শিক্ষা কর্মকর্তা এফ এ আবদুল জব্বার বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।