শিবির ও সন্দেহভাজন জঙ্গিসহ চার জেলায় গ্রেপ্তার ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দিনাজপুর থেকে গ্রেপ্তার হয়েছেন শিবিরের ১১ নেতা-কর্মী। রাজশাহীর বাগমারায় হিন্দুধর্মাবলম্বী এক চিকিৎসককে হত্যার পরিকল্পনাকারীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই জঙ্গিকে। এ ছাড়া গোপালগঞ্জ ও নীলফামারীতে একজন করে গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম আলোর দিনাজপুর অফিস জানায়, জেলা শহরের পাহাড়পুর এলাকায় শিবির পরিচালিত পৃথিবী কোচিং সেন্টারে গতকাল সকালে অভিযান চালিয়ে শিবিরের ঢাকা মহানগর শাখার সাবেক অফিস সেক্রেটারিসহ দিনাজপুর জেলা শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মো. রেদওয়ানুর রহিম বলেন, অভিযানে আটক শিবিরের নেতা-কর্মীদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানান, পুলিশের দাবি, বাগমারায় গ্রেপ্তার দুই জঙ্গি ‘আনসার রাজশাহী’ নামের একটি সন্ত্রাসী চক্রের ব্যানারে সংগঠিত হয়ে ওই এলাকার নীরেন্দ্রনাথ সরকার নামের এক চিকিৎসককে হত্যার ষড়যন্ত্র করছিল। রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার দুই জঙ্গির নাম আমিনুল ইসলাম ওরফে রুমি ও এনামুল হক ওরফে সবুজ। এর মধ্যে আমিনুল বাগমারার খামাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। গত সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। আর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু পর বাগমারার রামগুইয়া গ্রামের হাতিবান্ধা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এনামুলকে। তিনি খামাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
এসপি আরও বলেন, এ ঘটনায় বাগমারা থানায় গ্রেপ্তার দুজনসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
ফরিদপুর অফিস জানায়, গোপালগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সির ভাতিজা আবদুর রহমান মুন্সিকে (৩৮) গত সোমবার রাতে কোটালীপাড়ার হিরণ গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক বলেন, এলাকায় নাশকতা ঘটাতে পারেন—এমন আশঙ্কায় জিহাদি বই ও লিফলেটসহ গ্রেপ্তার করা হয় আবদুর রহমানকে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর তালতলাপাড়া গ্রাম থেকে গতকাল সকালে জেএমবির সক্রিয় সদস্য সাদেকুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ। ২০১৫ সালে সৈয়দপুর শিয়া মসজিদ ও মহররমের আশুরা মিছিলে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় জানিয়ে নীলফামারী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।