শিবির কর্মী সন্দেহে চারজনকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবির কর্মী সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। তাঁদের মধ্যে তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র মো. আবদুল্লাহ, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শাহাদাত হোসেন ও ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের সাইদুর রহমান। অপর শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের রাকিবুল হাসান বর্তমানে পুলিশি হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চারজনই বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
হলের প্রত্যক্ষদর্শী ছাত্রদের সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান রাসেল ও তন্ময়ানন্দ অভির নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা হলের ১২৬ ও ১২৭ নম্বর কক্ষে অভিযান চালান। সেখান থেকে আবদুল্লাহ ও রাকিবুলকে শিবির কর্মী সন্দেহে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে আসা হয়। অতিথি কক্ষে জিজ্ঞাসাবাদের নামে দুজনকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটান নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা-কর্মীরা একইভাবে হলের ১৪২ ও ৪৩৮ নম্বর কক্ষ থেকে শাহাদত ও সাইদুরকে ধরে এনে বেধড়ক মারধর করে পুলিশে দেন। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থী ও হলে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছাত্রলীগ নেতা তন্ময়ানন্দ অভির দাবি, শিবির কর্মীরা ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থীকে তাঁদের কক্ষে ডেকে নিয়ে শিবিরে ভেড়াতে বৈঠক করছিলেন। এ ছাড়া দুজনের ল্যাপটপে জিহাদি ই-বুক পাওয়া গেছে। তাঁরা সবাই মিলে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ জন্য তাঁদের ধরে পুলিশে দেওয়া হয়েছে।
নগরের মতিহার থানার এসআই নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারির নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা শিবির কর্মী বলে স্বীকার করেছেন।