শিবির কর্মীদের জড়ো হওয়ার গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল করার জন্য জড়ো হচ্ছেন—এমন গুজবে গতকাল বুধবার চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন। এতে চকবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের কর্মীরা ছাত্রশিবির সন্দেহে দুই ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের একটি মিছিল শিবিরবিরোধী স্লোগান দিয়ে চকবাজারের অলি খাঁ মসজিদ পর্যন্ত যায়। শিবিরের নেতা-কর্মীরা মিছিল করার জন্য চকবাজারে জড়ো হচ্ছেন—এমন গুজবে মিছিলটি বের করা হয়। এ সময় ছাত্রলীগের কিছু কর্মী প্যারেড কর্নার-সংলগ্ন একটি ভবনে ঢিল ছোড়েন। এতে ভবনের কাচ সামান্য ভেঙে যায়। পরে আবার মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা শিবির সন্দেহে চকবাজার এলাকার অলি খাঁ মসজিদের সামনে দুই ব্যক্তিকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। তাঁদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব ফটকের ফল দোকানি মোশাররফ হোসেন (৩২)। অন্যজন একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র জোবায়ের আল বিরুনি (১৭)। যাচাই-বাছাই শেষে পুলিশ দুজনকে ছেড়ে দেয়।
পুলিশ ভ্যানে তোলার পর জোবায়ের আল বিরুনি প্রথম আলোকে বলে, ‘কলেজ থেকে নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির বাসায় যাওয়ার সময় মিছিলকারীরা আমাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’ আর মোশাররফ হোসেনের অভিযোগ, তাঁকে বেদম মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, শিবির সন্দেহে দুই পথচারীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা সুভাষ মল্লিক প্রথম আলোকে বলেন, শিবিরের ছেলেরা চকবাজার মোড়ে মিছিলের জন্য জড়ো হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে তিন শতাধিক কর্মী-সমর্থক চট্টগ্রাম ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি অলি খাঁ মসজিদ পর্যন্ত যায়। সেখানে শিবির সন্দেহে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। তবে কাউকে মারধর করা হয়নি।