চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির আবু হানিফের নির্বাচনী প্রচারণার সময় গাড়িতে হাতবোমা হামলার ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদলের ৩২ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে।
বুধবার রাতে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ছাত্রশিবির মহনগর দক্ষিণের সভাপতি এইচ এম সোহেল ও সাধারণ সম্পাদক নুরুল হক, ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি আ ম ম মশরুর হোসাইন, নগর যুবদলের সভাপতি কাজী বেলালসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করা হয় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া।
গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অবরোধ চলাকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফের নির্বাচনী প্রচারণার সময় তাদের একটি প্রচারণার ট্রাক লক্ষ করে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় টেলিভিশনের গাড়িসহ পাঁচ-ছয়টি গাড়িতে ভাঙচুর ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় তিনজন আহত হন।
এদিকে বুধবার রাতে নগরের সিটি গেট, হালিশহর, কর্নেল হাট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। সহিংসতা ও নাশকতার অভিযোগ তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানায়।