শিবির-ছাত্রলীগ ও পুলিশের গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রোববার ইসলামী ছাত্রশিবির, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সাধারণ শিক্ষার্থী ও শিবিরের দুই নেতা আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মতিহার হল শাখা শিবিরের সভাপতি আবু সুফিয়ান, একই বিভাগের শিক্ষার্থী ও শিবিরের বিজ্ঞান অনুষদ শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং সাধারণ শিক্ষার্থী ফিরোজ আহমেদ (ভাষা বিভাগ)। তাঁদের মধ্যে পিঠের বাঁ পাশে গুলিবিদ্ধ সুফিয়ানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান হোসেনকে ভর্তি করা হয়েছে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে। ফিরোজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় টেন্টে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন শিবিরের কর্মী টেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে ছাত্রলীগের কর্মীরা। এর পরই গোলাগুলি শুরু হয়। ছাত্রলীগের দাবি, শিবিরের কর্মীরা পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একই সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ৮-১০টি গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ ও পুলিশ শহীদুল্লাহ কলা ভবনের সামনের দিক থেকে ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ১০-১২টি গুলি ছোড়ে। সুফিয়ান, ইমরান ও ফিরোজ এ সময় আহত হন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শিবির পরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। তবে ছাত্রলীগের প্রতিরোধের কারণে তারা ক্যাম্পাসে টিকতে পারেনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহ্ইয়া বলেন, ‘আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে অবস্থান করছিল। ছাত্রলীগের ক্যাডাররা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর গুলি চালিয়েছে। এ ঘটনায় আমাদের দুজন নেতা গুলিবিদ্ধ হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন অবস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ক্যাম্পাসে গোলাগুলির ছবি তুলতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন নিউ এজ পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজিম মৃধা। পরে এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সাংবাদিক সমিতির কার্যালয়ে এসে দুঃখ প্রকাশ করেন।