ছাত্রদলের কর্মী হিসেবে যেসব নিয়মিত ছাত্র গত দুই দিনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তাঁদের অনেকে ছাত্রশিবির ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন সংগঠনটির অছাত্র জ্যেষ্ঠ নেতারা।
গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তাঁরা এ অভিযোগ করেছেন বলে সূত্র জানিয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে গত দুই দিন প্রথম আলোর কাছেও একই অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতেও খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কোনো কোনো কর্মী বক্তব্য দিতে দাঁড়ালে পেছন থেকে ‘শিবির শিবির’ বলে দুয়ো দেওয়া হয়।
ছাত্রদলের এই নেতারা দাবি করেছেন, খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত ছাত্ররা দেখা করার সময় সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা সেখানে উপস্থিত ছিলেন না। এ সুযোগটাই কেউ কেউ ব্যবহার করেছেন। তবে এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।
এদিকে নিয়মিত ছাত্রদের মধ্যে যাঁরা গত দুই দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, এমন একাধিকজনপ্রথম আলোকে বলেছেন, নিয়মিত ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে আনার উদ্যোগে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অছাত্র জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ। নিজেদের অবস্থান ধরে রাখতে তাঁদের অনেকে বিভিন্ন জায়গায় তদবির শুরু করেছেন। নানা কথা বলছেন।
গতকাল দুপুরে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক পদের ১৫-১৬ জন নেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা করেন। সূত্র জানায়, এই জ্যেষ্ঠ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জানিয়েছেন, তাঁরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নিজেদের কথা বলতে চান।
জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এজমাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা ভারপ্রাপ্ত মহাসচিবকে বলেছেন, যেহেতু কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে কারাগারে, তাই এ মুহূর্তে যাতে কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া না হয়। নতুনদের নিয়ে কমিটি গঠনে তাঁদের আপত্তি নেই, তবে এমন কর্মীদের নেতৃত্বে আনা হোক, যাঁরা একেবারে অনভিজ্ঞ নন। আনকোরা নতুনদের নেতৃত্বে নিয়ে আসা হলে তাঁরা হয়তো ছাত্রদলের আদর্শ ধরে রাখতে পারবেন না। এই নেতা আরও বলেন, এখন যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের প্রায় সবাই একাধিক মামলার আসামি বা জেল খেটেছেন, খাটছেন। অনেকের চাকরির বয়সও নেই। এ অবস্থায় একেবারে বাদ দিয়ে দেওয়া হলে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এসব বিবেচনায় নিয়ে তাঁদের বিষয়ে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়।
আলোচনায় উপস্থিত একাধিক ছাত্রদল নেতা জানান, মহাসচিব তাঁদের সব বক্তব্য শুনে বলেছেন, বিএনপির চেয়ারপারসন নিজে বিষয়টি দেখছেন। তাঁদের এসব অনুরোধ, উদ্বেগ তিনি চেয়ারপারসনকে জানাবেন।
সরকারবিরোধী ও নির্বাচন প্রতিহতের আন্দোলনে ছাত্রদলকে প্রত্যাশা মতো রাজপথে পায়নি বিএনপি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বাস্তবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা নিয়মিত ছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি করার পরামর্শ দেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে এই শিক্ষকেরা তাঁকে জানান, নেতারা নিয়মিত ছাত্র হলে তাঁদের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ তৈরি করতে পারবেন তাঁরা। মূলত এরপরই অছাত্রদের বাদ দিয়ে নিয়মিত ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে আনার উদ্যোগ শুরু হয়।
এর অংশ হিসেবে গত সোমবার রাতে খালেদা জিয়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে তাঁর এই মনোভাবের কথা জানান। বর্তমান কমিটির ওপর ক্ষোভ প্রকাশ করে তাঁদের ব্যর্থ, অকৃতজ্ঞ বলে অবহিত করেন।
কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব আছে এমন ছাত্রদলের কর্মীদের একটি অংশের সঙ্গে আলাদা বৈঠক করেন। মঙ্গলবার রাতেও খালেদা জিয়া ছাত্রত্ব থাকা কর্মীদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ওই বৈঠকে কর্মীদের বক্তব্য দেওয়ার সময় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ কেউ বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে ‘শিবির শিবির’, ‘অছাত্র অছাত্র’ বলে শোরগোল তোলা হয়।
জ্যেষ্ঠ ছাত্রদল নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংগঠন পুনর্গঠনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।
তবে বিএনপি ও ছাত্রদলের সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মনোভাব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল কমিটিগুলো নিয়মিত ছাত্রদের দিয়ে করা হবে। আর বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটিতে ছাত্র-অছাত্র সমন্বয় করা হবে।
ছাত্রদলের সাম্প্রতিক অতীতের প্রায় সব কমিটিতেই নেতৃত্বে ছিলেন অছাত্ররা। নাসির আহম্মেদ উদ্দীন পিন্টুর নেতৃত্বাধীন কমিটি থেকে এটা ব্যাপকতা লাভ করে।