শিবির নাছিরের মামলায় সাক্ষী হাজির হচ্ছেন না
চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আজ সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
এদিকে গত আগস্ট মাস থেকে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হলেও শুধু এক কার্যদিবসে বাদীর সাক্ষ্য হয়েছে। বাকি সাক্ষীরা ধার্য দিনে হাজির হচ্ছেন না। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সপ্তাহে দুই থেকে তিন দিন মামলাটির ধার্য দিন রাখা হচ্ছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষীদের হাজির করতে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও হাজির করতে পারছে না পুলিশ।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাক্ষীদের খোঁজে পুলিশ কাজ করছে। তাঁদের ঠিকানায় পাওয়া যাচ্ছে না।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়।