শিবির নেতা এনামুল চার দিনের রিমান্ডে
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক এনামুল কবিরকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এনামুল কবিরকে জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২০ ফেব্রুয়ারি নগরের বাকলিয়ার বগারবিল এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গায় অবস্থিত তেলডিপোগুলোতে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেন এনামুল।