শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় গত শনিবার রাতে আরিফুল ইসলাম নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে খুনের ঘটনা বা পরিকল্পনায় তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।
আরিফুল পাবনা জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। তাঁর বাড়ি সদর উপজেলার চরঘোষপুর গ্রামে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ-আল-হাসান বলেন, আরিফুলের গতিবিধি সন্দেহজনক ছিল। তাই শনিবার রাত ১১টার দিকে উপজেলা সদরের বাজিতপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নিত্যরঞ্জন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম প্রথম আলোকে বলেন, অভিযানের সময় আরিফুল দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ডের আবেদন করা হবে।
এই খুনের সঙ্গে আরিফুলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই গ্রেপ্তার।
গত শুক্রবার ভোরে নিত্যরঞ্জন পান্ডে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। আশ্রমের পাশে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
আশ্রমে বিএনপি প্রতিনিধিদল: আশ্রম কর্তৃপক্ষ ও নিত্যরঞ্জন পান্ডের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার সকালে সেবাশ্রম পরিদর্শন করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতা আইনজীবী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন দলের জয়ন্ত কুমার কুণ্ডু, তপন মজুমদার, জন গোমেজ, অমলেন্দু দাস অপু ও মিছির কান্তি বিশ্বাস।
সুলতানা কামালের উদ্বেগ: নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের এই চলমান প্রক্রিয়া ও অপরাধীদের যথাযথভাবে আইনের আওতায় না আনতে পারা মানুষের মনে আতঙ্ক, ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। দেশব্যাপী জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানের কয়েক ঘণ্টার মধ্যে পাবনার আশ্রমে সেবায়েত নিত্যরঞ্জন পান্ডের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্তম্ভিত।’