শিবির নেতা রকিবসহ পাঁচজন গ্রেপ্তার
ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আবদুর রকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাভার মডেল থানাধীন মজিদপুরের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি হাতবোমা, চাঁদা আদায়ের রসিদ, বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন সাভার পৌর শিবিরের সেক্রেটারি আলাউদ্দিন (২৩), ছাত্রকল্যাণ সম্পাদক ফজল আহমেদ (২২), প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান (২৪) ও দপ্তর সম্পাদক আশিকুর রহমান (২৭)।
এ বিষয়ে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুরে র্যাব-৪-এর সদর দপ্তরে সংবাদ ব্রিফিং করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের বরাত দিয়ে র্যাব-৪-এর কমান্ডিং অফিসার কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো এবং ভবিষ্যতে কোনো ধরনের হরতাল ও অবরোধ হলে নৈরাজ্য সৃষ্টি করা।