রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত শিবিরের নেতা রাসেল আলমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে রাসেলের ওপর হামলাকারীদের ২১ জুনের মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিয়েছে ছাত্রশিবির৷
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ২৯ এপ্রিল ছাত্রলীগের নেতা আবদুল্লাহেল মাসুদ ও টগর মোহাম্মদ সালেহর হাত-পায়ের রগ কাটার মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসপাতালে তাঁকে পুলিশের পাহারায় রাখা হয়েছে।
গত সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেলকে গুলি করা হয় এবং কুপিয়ে তাঁর পা থেকে গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান বি কে দাম জানান, রাসেল আলমের অবস্থা আশঙ্কামুক্ত।
সোমবার রাসেলের ওপর হামলার ঘটনার আগে শহীদুল্লাহ কলা ভবন থেকে গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিব৷ দুটি মামলায় পুলিশ তাঁর রিমান্ডের আবেদন করেছে৷ ওসি আলমগীর হোসেন আরও জানান, জিয়াউদ্দিনের বিরুদ্ধে মতিহার থানায় ১০টিসহ নগরের বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে থাকায় তাঁকে গতকাল মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের ওসি নূর হোসেন খন্দকার জানান, ২৯ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা টগর মোহাম্মদ সালেহ ও আবদুল্লাহেল মাসুদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জিয়াউদ্দিনকে গতকাল বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ছাড়া ৪ এপ্রিল ছাত্রলীগের নেতা রুস্তম হত্যা মামলায় তাঁকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
এদিকে রাসেলের ওপর হামলার ঘটনায় শিবিরের ডাকা হরতালের সমর্থনে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে ঝটিকা মিছিল করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ কয়েকটি রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় শিবিরের ডাকা আধা বেলা হরতাল গতকাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে৷ জীবনযাত্রা ছিল স্বাভাবিক৷ সকাল নয়টার দিকে নগরের রাজশাহী কলেজের সামনে পিকেটিং করার সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় শিবিরের কর্মীরা টিকতে পারেননি।