শিবির নেতাকে ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতারা
নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক রাজশাহীর বাগমারা উপজেলার ছাত্রশিবিরের সাবেক নেতা রফিকুল ইসলামকে (৩০) থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। আটকের ২৫ ঘণ্টা পর গত শনিবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রফিকুল ইসলাম উপজেলার যোগিপাড়া ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ইউনিয়নের ভটখালী গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেনের ছেলে। রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছে।
যোগিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মির্জা মোজাহারুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ভটখালী বাজারের এক চায়ের দোকান থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকের পর রাতেই তাঁকে বাগমারা থানায় স্থানান্তর করা হয়। কিন্তু তাঁকে আদালত বা কারাগারে না পাঠিয়ে থানা-হাজতেই রেখে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার সকাল থেকে আটক শিবির নেতাকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের স্থানীয় সাত-আটজন নেতা তদবির শুরু করেন। শেষ পর্যন্ত আটকের ২৫ ঘণ্টা পর শনিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এর আগে আটক শিবির নেতাকে ভালো, নম্র ও কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয়, এমন সব সাফাই দিতে থাকেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম শিবির নেতার পক্ষে মুচলেকা দেন।
যোগিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম বলেন, রফিকুল শিবিরের ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তাঁকে ভালো আখ্যা দিয়ে এভাবে থানা থেকে ছাড়িয়ে আনা এবং পুলিশেরও ছেড়ে দেওয়া ঠিক হয়নি। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় ১৫ জন নেতা-কর্মী জানান, শিবির নেতা রফিকুল রাজশাহীতে থাকতেন। গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করার পর কিছুদিন আগে ফিরে আসেন।
যোগিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম শিবির নেতাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার তথ্য স্বীকার করে বলেন, তিনি (রফিকুল ইসলাম) ভদ্র এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। এ জন্য মুচলেকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনা হয়েছে। তা ছাড়া তিনি একা নন, ইউনিয়ন আওয়ামী লীগের ২০-৩০ জন নেতা-কর্মী মিলে টাকা দিয়ে রফিকুলকে ছাড়িয়ে এনেছেন বলে জানান তিনি।
২৫ ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া প্রসঙ্গে থানার ওসি সেলিম হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনো অপরাধে সঙ্গে জড়িত ছিল কি না, তা জানার জন্য মতিহার থানায় খোঁজ নেওয়া হয়েছে। তবে কোনো খারাপ রিপোর্ট না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনো টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।