শিবির নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার, ওসিসহ পাঁচ পুলিশ আহত
বাগেরহাটের সদর উপজেলায় ছাত্রশিবিরের সাবেক নেতার বাড়িতে অভিযান চালাতে গিয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাতটায় কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীদের ধারালো অস্ত্র ও ইটের আঘাতে আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা হলেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন, কনস্টেবল আবদুল হামিদ (৪৭), ভিক্টর (২২), তানজির (২০), এবং ওজিয়র (৩৭)। আহত চার কনস্টেবলকে রাত পৌনে নয়টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতে ইসলামী পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং পুলিশের গুলিতে তাঁদের দুই কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে। তবে তারা আহতদের নাম পরিচয় জানাতে চায়নি।
বাগেরহাটের পুলিশ সুপার মোল্লা নিজামুল হক রাতে প্রথম আলোকে জানান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতারা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছেন বলে তাঁরা খবর পান। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পার্শ্ববর্তী খান জাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার মাইক থেকে ‘গ্রামে ডাকাত পড়েছে’ বলে মাইকিং করা হয়। এতে আশেপাশের বাড়ি থেকে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলা হয়।
খবর পেয়ে বাগেরহাট পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ শটগানের ৪০টি, চাইনিজ রাইফেলের ৯টি এবং পিস্তলের ৪টি গুলি ছোড়ে।
খান জাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি মুহিতুল ইসলাম দাবি করেছেন, মাদ্রাসার পাশের খান জাহান আলী ট্রাস্ট পরিচালিত মসজিদ থেকে মাইকিং করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জড়ো করা হয়। পরে তাঁরা পুলিশের ওপর হামলা চালান।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল ওয়াদুদ রাতে মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে ঢুকে আসবাবপত্র, ফ্রিজ, মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ সময় রাহাত বাড়িতে ছিলেন না। তাঁদের বাধা দিলে পুলিশ গুলি ছোড়ে। পুলিশের গুলি ও হামলায় দলের দুই কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে যায়।