শিবির নেতার আ.লীগে যোগদানের ঘটনায় নেতা-কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে শিবিরের সাবেক নেতা বি এম ইউসুফ আলীর আওয়ামী লীগে যোগদানের প্রতিবাদে গত রোববার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। সমাবেশে শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হককে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।
গত শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার আটং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বি এম ইউসুফ আলী আওয়ামী লীগে যোগদান করেন। তাঁর যোগদানের ঘোষণা দেন সাংসদ বি এম মোজাম্মেল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মী এবং মুক্তিযোদ্ধারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজলিশ খানের সভাপতিত্বে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর মুন্সী, ত্রাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, গত শনিবার প্রথম আলোয় ‘শিবিরের সাবেক নেতার আ.লীগে যোগদান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।