শিবির নেতার যাবজ্জীবন
অস্ত্র মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এন্তাজুল হক বলেন, নিজের কাছে অস্ত্র রাখার দায়ে তাঁর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং গুলিসহ অন্যান্য উপকরণ রাখার দায়ে তাঁকে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে আরও দুটি মামলা রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে নগরের আল রহমান হার্ডওয়্যার মার্কেটের তৃতীয় তলায় র্যাব অভিযান চালিয়ে ইয়াহিয়াকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, আটটি গুলি, ১৩টি ককটেল এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে র্যাবের ডিএডি আলতাফ হোসেন নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে আটজনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে অভিযোগপত্র থেকে সাতজনকে অব্যাহতি দেয় পুলিশ। গ্রেপ্তারের সময় ইয়াহিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।