চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া ওই হলের পাশের একটি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কুলিং কর্নার নামের দোকানটির মালিক শামসুল আলম এ অভিযোগ করেছেন।ছাত্রলীগ এ ঘটনায় নিজামের বিচারসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নিজামের কক্ষটি সিলগালা করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে শামসুল আলমের মালিকানাধীন কুলিং কর্নারে ছাত্রলীগের কয়েকজন কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় দোকানে প্রবেশ করেন নিজাম উদ্দিন। তিনি ছাত্রলীগের কর্মীদের সেখানে আড্ডা না দেওয়ার জন্য হুমকি-ধমকি দেন এবং ছাত্রলীগের কর্মীরা আবার সেখানে আড্ডা দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানান। এতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা, হল প্রাধ্যক্ষ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সহকারী প্রক্টর শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজাম উদ্দিনের জন্য হলের বরাদ্দকৃত ৩১৯ নম্বর কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নিজাম আমাদের কয়েকজন কর্মীকে হুমকি দিয়েছে। সে কারণে নিজামের জন্য বরাদ্দকৃত হল কক্ষ সিলগালা ও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি।’ এ বিষয়ে মন্তব্য জানার জন্য ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিজামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।