শিবির-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ১০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইসলামী ছাত্রশিবির ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন।
গত রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার উত্তর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে শিবিরের নেতা-কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার ও একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার উত্তর কাঁঠালতলী গ্রামের একটি বাড়িতে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ইসলামী ছাত্রশিবিরের ১৫-২০ জন নেতা-কর্মী বৈঠক করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ঘিরে রাখেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শটগানের ১০টি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল আহাদ, শিবিরকর্মী দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন ও শাহ আলম এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সাইক উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি বন্দুক উদ্ধার করে।
শিবিরের ছোড়া ইটপাটকেলে বড়লেখা থানার ওসি মো. আবুল হাসেমসহ পুলিশের ১০ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বড়লেখা থানার এসআই রফিকুল ইসলাম অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত পাঁচজনকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।