শিবির-পুলিশ সংঘর্ষে ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে গত বুধবার বেলা ১১টার দিকে ছাত্রশিবিরের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে শিবির-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরকর্মীদের হামলায় পুলিশের দুজন এসআই, একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের একটি মোটরসাইকেল। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে শিবিরের ১১ কর্মী আহত হন। এ সময় পুলিশ পৌর ছাত্রশিবিরের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।এ ঘটনায় রায়পুর থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এতে গ্রেপ্তার পাঁচজন ও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে ছাত্রশিবিরের কর্মীরা শহরে একটি মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে থানার সামনে এলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় শিবিরের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা চালান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হন। এ সময় শিবিরকর্মীরা পুলিশের এসআই কামাল হোসেনের ব্যবহূত একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পুলিশ জানায়, মিছিলে বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এতে রায়পুর থানার এসআই জহিরুল ইসলাম, এসআই কামাল হোসেন, এএসআই শেখাব উদ্দিন সেলিম ও কনস্টেবল মনোয়ার হোসেন আহত হন। তাঁরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। সংঘর্ষের সময় পুলিশ পৌর ছাত্রশিবিরের সভাপতি শামছুল ইসলাম (২২), শিবিরকর্মী মেহেদী হাসান উজ্জ্বল (২৫), নাছির উদ্দিন (১৯), মোবারক উল্যা (১৯) ও তানভীর হোসেনকে (২০) গ্রেপ্তার করে। জানতে চাইলে জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল আউয়াল রাসেল বলেন, ‘ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ শিবিরকর্মীদের ওপর বেদম লাঠিপেটা করে। এতে আমাদের ১১ জন নেতা-কর্মী আহত হন।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণনাথ বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ছাত্রশিবির মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।