শিবির-সংশ্লিষ্টতার অভিযোগে বিক্ষোভ কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও দুজন ছাত্রবিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে গতকাল বিক্ষোভ করেছেন আরবি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভাগের চেয়ারম্যানের কক্ষসহ মোট তিনটি কক্ষে তালা লাগিয়ে দেন। গতকাল কোনো ক্লাস হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভাগের শিক্ষার্থী এবং সূর্যসেন ও জসিমউদ্দিন হলের কিছু ছাত্রলীগ কর্মী সকালে বিভাগে বিক্ষোভ করেন। এরপর একটি শ্রেণীকক্ষে ক্লাস চলার সময় শিক্ষার্থী ও শিক্ষককে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন তাঁরা। চেয়ারম্যানের কক্ষ ও বিভাগের অফিস কক্ষেও তালা মারা হয়। সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এ তিনটি কক্ষ তালাবন্ধ ছিল। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত্ করেন। তাঁরা চেয়ারম্যানের পদত্যাগ ও অন্য দুই শিক্ষকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপাচার্যের হস্তক্ষেপ চান।শিক্ষার্থীদের অভিযোগ, চেয়ারম্যান এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, ছাত্র উপদেষ্টা রফিকুল ইসলাম ও এ টি এম ফখরুদ্দিন ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত। এ কারণে বিভাগের যেসব শিক্ষার্থী শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট তাঁরা বেশি নম্বরসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান।শিক্ষার্থীরা বলেছেন, গত ১৫ এপ্রিল চেয়ারম্যান ও দুই উপদেষ্টার বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।এ বিষয়ে চেয়ারম্যান এ বি এম ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জামায়াত বা শিবিরের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া তারা এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগও করেনি।’ শিক্ষার্থীদের অভিযোগকে ‘অমূলক’ বলে দাবি করেন তিনি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ‘প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং খুব শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।