শিবির সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের যুবলীগের কর্মী কামাল হোসেনকে (৩৫) ধরে নিয়ে পায়ে গুলি করে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে এলাকার চিহ্নিত শিবিরের সন্ত্রাসীরা। পরে আহত কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কামাল হোসেন উপজেলার মাদার্শা ইউনিয়নের সাছি ব্যাপারীপাড়া এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা দুইটার দিকে মাদার্শা ইউনিয়নের ফুলু ফকির সেন্টারের পার্শ্ববর্তী পাহাড়ের পাশে।
কামাল হোসেন বলেন, ‘বেলা দেড়টার দিকে ফুলু ফকির সেন্টারে একটি দোকানের সামনে বসে থাকা অবস্থায় স্থানীয় শিবিরের সন্ত্রাসী শহীদের নেতৃত্বে ছয়-সাতজন অস্ত্রধারী সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে দোকানের সামনে থামে। হঠাৎ করে তারা আমাকে জোর করে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। স্থানীয় লোকজনের দৌড়াদৌড়ি দেখে তারা পাহাড়ের পাশেই আমাকে মাটিতে ফেলে ডান পায়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।’
সাতকানিয়া উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদ প্রথম আলোকে বলেন, সামনের যেকোনো দিন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার চূড়ান্ত রায় হবে। রায় হওয়ার আগেই শিবিরের সন্ত্রাসীরা আবার বেপরোয়া হয়ে উঠেছে। কামালের পায়ে গুলি করার মাধ্যমে তারা এলাকায় আবার সহিংসতা শুরু করেছে।
এ ব্যাপারে জানার জন্য উপজেলা শিবিরের সভাপতি মো. তৌফিক এলাহীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কথা বলেননি।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. আয়ুব আলী বলেন, ‘কামাল নামের গুলিবিদ্ধ এক যুবককে কিছু লোক হাসপাতালে নিয়ে আসে। আমরা তাঁর ডান পায়ের হাঁটুর নিচে গুলির চিহ্ন দেখতে পাই। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হেসেন বলেন, যুবলীগের কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।