শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের কর্মী সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম সাঈদ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হুজ্জাতুল ইসলাম দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে যাওয়ার পর তাঁকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাঈদকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ প্রাথমিক চিকিৎসা ও যাচাইবাছাই শেষে তাঁকে ছেড়ে দেয়।
হুজ্জাতুলকে মারধরের কথা অস্বীকার করেননি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি রেজাউল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাঈদ দীর্ঘদিন ধরে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। ফেসবুকে জামায়াত-শিবিরের পক্ষে বক্তব্য দিয়ে আসছেন। ক্যাম্পাসে নাশকতা চালাতে পারেন, এই আশঙ্কায় তাঁকে জুনিয়র কর্মীরা ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে সোপর্দ করেছে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ বলেন, ‘সাঈদ নামের এক শিক্ষার্থীকে আমাদের হাতে তুলে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে মারধরের অভিযোগে গতকাল সোমবার বিকেলে তিন ছাত্রের বিরুদ্ধে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাসুম বিল্লাহ অভিযোগে বলেন, গত শনিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোপাল কুমার দাশ, চারুকলা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জ্যোতিষ্ক চাকমা ও লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোরশেদুল আলম ধারালো অস্ত্র এবং লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর পায়ে ও পিঠে জখম হয়। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রাথমিক চিকিৎসা নেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্ত তিন শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী।
মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমার ওপর হামলা চালানো হয়েছে। মনে হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।’
প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। যাচাইবাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’