ছাত্রশিবিরের সদস্য সন্দেহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের তিন ছাত্রকে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র নাজিমুল ইসলাম, দ্বিতীয় বর্ষের মো. তুহিন ও পশুপালন অনুষদের প্রথম বর্ষের হামিদুলকে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের অতিথি কক্ষে নিয়ে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. সুলতান উদ্দীন ভূঞা ও ভারপ্রাপ্ত প্রক্টর মো. সাজ্জাদ হোসেন ওই তিন ছাত্রকে উদ্ধার করেন।গুরুতর আহত নাজিমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্ররা শিবির করে বলে স্বীকার করেছে। শিবির না করে হলে থাকতে কোনো সমস্যা নেই।’ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘ঘটনা জানার পরপরই ওই হলে গিয়ে তিন ছাত্রকে উদ্ধার করি। এ ঘটনায় ছাত্রলীগ বা অন্য কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।’